রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজ এর নামে এক স্কুলের ফলক উন্মোচন করেছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার বরপা এলাকায় স্কুল ভবনের পাশে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ফারহান ফাইয়াজ’ এর নামে নামকৃত স্কুলের ফলক উন্মোচন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা। পরে তারাবো পৌরসভা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা বলেন, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের মেধাবী ছাত্র শহীদ ফারহান ফাইয়াজ জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হন। বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানে যেসব ছাত্র-জনতা শাহাদত বরণ করেছেন ফারহান ফাইয়াজ তাদের মধ্যে অন্যতম একজন। প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরে পক্ষ থেকে বরপা প্রাইমারি স্কুলটির নাম পরিবর্তন করে আজ শহীদ ফারহান ফাইয়াজ এর নামে নামকৃত ফলক উন্মোচন করা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদরা বৈষম্যবিরোধী একটি সুন্দর বাংলাদেশ গড়ার যে মহৎ উদ্দেশ্যে জীবন দিয়েছেন, সে মহৎ উদ্দেশ্য যতদিন না বাস্তবায়ন হয় ততদিন আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।ফারহান ফাইয়াজ এদেশের শিক্ষা আন্দোলন ও শিক্ষার্থী অধিকার রক্ষার জন্য জীবন উৎসর্গ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তার নাম শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, ত্যাগ ও ন্যায়বোধের অনুপ্রেরণা জোগাবে।
শহীদ ফারহান ফাইয়াজ এর পিতা আলহাজ্ব শহীদুল ইসলাম ভূঁইয়া বলেন, বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনে একমাত্র ছেলে শহীদ হওয়ায় আমার যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। ফাইয়াজের নামে স্কুলের নামকরণ করায় আমি অন্তবর্তীকালীন সরকার ও প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি।
এ সময় শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। কবর জিয়ারতনও তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
এদিকে চলতি বছরেই রাজধানীর ধানমন্ডির পুরাতন ২৭ নং রোডে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ‘শহীদ ফারহান ফাইয়াজ’ এর নামে নামকৃত সড়কের ফলক উন্মোচন করেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মো: শাহজাহান মিয়া।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মোঃ সামসুজ্জামান, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, শহিদ ফারহান ফাইয়াজ এর বাবা শহিদুল ইসলাম ভুঁইয়া,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।
এর আগে ২০২৪ সালের ১৮ জুলাই গণঅভ্যুত্থানে ধানমন্ডির পুরাতন ২৭ নং রোডে রাপা প্লাজা এবং জেনেটিক প্লাজার মাঝামাঝি স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে থাকা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র মোহাম্মদ ফারহান ফাইয়াজ পুলিশ ও ছাত্রলীগের হামলায় বুকে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।