নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা : গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কিশোরগঞ্জের হাওড়ের ঘোড়া উতরা, ধনুসহ বিভিন্ন নদ-নদীতে পানি বাড়তে শুরু করেছে। জেলার হাওড় অঞ্চলের বিভিন্ন এলাকায় বিশেষ করে নিকলী ইটনা মিঠাই মন অষ্টগ্রামে নতুন পানি আসায় এবং বিভিন্ন ফেরিঘাটে পানি উঠে যাওয়ায় ইতোমধ্যেই ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর। এতে সড়কপথে জেলা শহরের সঙ্গে হাওড়ের সকল ধরনের যাতায়াত বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে এই রুটে নিয়মিত চলাচলকারী যানবাহন ও যাত্রী সাধারণের।
কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হাওড়াঞ্চলে সব নদ-নদীর পানিবৃদ্ধি পেয়েছে। তবে এখনো বিপৎসীমা অতিক্রম করেনি। এদিকে ফেরি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। অতিরিক্ত ভাড়া দিয়ে ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত নৌকা ও ট্রালারে নদী পারাপার হচ্ছে সাধারণ মানুষ।