টাঙ্গাইলের সখিপুরে প্রশাসনের উদ্যোগে পরিবেশের জন্য ক্ষতিকর গাছ হিসেবে চিহ্নিত ইউক্যালিপটাস ও আকাশমণির ৫৩ হাজার চারা ধ্বংস করা হয়েছে। সম্প্রতি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় নার্সারি মালিকদের ক্ষতিপূরণ সহায়তা প্রদানের নিমিত্তে এ কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনী ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিয়ন্তা বর্মন যৌথভাবে চারা ধ্বংস কার্যক্রম পরিচালনা করেন।

এর আগে স্থানীয় নার্সারি মালিক ও সাধারণ মানুষকে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের পরিবেশগত ক্ষতি সম্পর্কে অবহিত করা হয়। এ ধরনের গাছ মাটির নিচের পানির স্তর দ্রুত কমিয়ে দেয় এবং জীববৈচিত্রে নেতিবাচক প্রভাব ফেলে বলে জানানো হয়।

উপজেলা শোলা প্রতিমা এলাকায় অবস্থিত শহীদ প্রাইভেট নার্সারি, সানোয়ার নার্সারি, মায়ের দোয়া নার্সারি এবং শাহজাহান মিয়া, কামাল হোসেন, নরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, বাবুল মিয়া ও আব্দুর রহিমের নার্সারিতে এ ধ্বংস কার্যক্রম চালানো হয়।