কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের কালিহাতীতে চলমান এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহের সময় আটক হয়েছেন কালিহাতী শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রদল সভাপতি মৃদুল হাসান। মৃদুল হাসান একই কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী।
এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে কালিহাতী শাহজাহান সিরাজ কলেজ কেন্দ্রে নকল সরবরাহের সময় তাকে আটক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের পর তাকে পুলিশে সোর্পদ করা হয়েছে। কালিহাতী শাজাহান সিরাজ কলেজ কেন্দ্র কর্তৃপক্ষকে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য লিখিতভাবে বলা হয়েছে।
কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. মজিবর রহমান জানান, ব্যবস্থা গ্রহণের লিখিত নির্দেশনা পেয়েছি। এ্যসিল্যান্ড স্যার ও কলেজের সিনিয়র স্যারদের পরামর্শক্রমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, আটককৃত মৃদুল হাসান পুলিশ হেফাজতে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।