শাল্লা (সুনামগঞ্জ) সংবাদদাতা : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্প্রতি উপজেলার মির্জাকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
জানা যায়, একই উপজেলার সীমেরকান্দা গ্রামের সরাজ মিয়ার ছেলে আকিব মিয়া (৬) মির্জাকান্দা গ্রামে তার, মামা লিল মিয়ার বাড়িতে বেড়াতে আসেন। একই গ্রামের কবির হোসেনেরও সম্পর্কে ভাগিনা হয় আকিন। গ্রামের কবির হোসেনের ছেলে তানভীর হোসেন (৫) এর সাথে খেলাধুলায় ব্যস্ত ছিল আকিব। খেলাধুলার ফাঁকে একপর্যায়ে পুকুরে পড়ে যায় বলে জানান স্থানীয়রা।
তানভীর হোসেনের বাবা কবির হোসেন জানান, খেলাধুলার একপর্যায়ে পানিতে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে। তিনি বলেন, তাদের মৃত্যুতে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। আমার ছেলে ও ভাগিনার মৃত্যু আমি কোনভাবেই মেনে নিতে পারছি না।