কিশোরগঞ্জ থেকে আহসানুল হক জুয়েল: কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক, কবি মুহম্মদ রেজাউর রহমান গত সোমবার বিকাল ৫.৩০ এ নিজ বাসভবনে ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওযা ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি ছিলেন অত্যন্ত সজ্জন, বন্ধু বৎসল, সদালাপি ও একজন খাঁটি দেশ প্রেমিক। শহরের গৌরাঙ্গবাজারের সুপ্রসিদ্ধ ব্যবসা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী শাহজাদি জর্দাঘরের তিনি ছিলেন স্বত্তাধিকারী।

জনাব মুহম্মদ রেজাউর রহমান ১১ জানুয়ারি, ১৯৫৫ ইংরেজি সনে করিমগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সাবেক সেনা কর্মকর্তা মুহাম্মদ আবদুর রহমান এবং মায়ের নাম আমেনা খাতুন। তিনি ছিলেন পরিবারের বড় সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী মমতাজ বেগম, এক ছেলে জাইসী মোহাম্মদ নাভীদ (নরওয়ের অভিবাসী) ও এক মেয়ে সারওয়াত নুয়েরী এবং তাঁর ৪ ভাই ও তিন বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৭৩ সালে তাঁর প্রতিষ্ঠিত সুধাকর নামক সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরণে ‘রক্তের স্বরলিপি’ সংকলন প্রকাশের মধ্য দিয়ে সাহিত্যজগতে আর্বিভূত হন। ছাত্র জীবনেই মফস্বল সাংবাদিক হিসেবে কাজ করে এক সময় তিনি জাতীয় দৈনিক সংগ্রাম পত্রিকায় দীর্ঘদিন কাজ করেছেন। তিনি সাপ্তাহিক বাংলার দর্পন, দৈনিক জাহান, সাহিত্য মাসিক চন্দ্রাকাশ, অঙ্গীকার ডাইজেস্ট, সাপ্তাহিক মাটির বাংলা ও ইসতিকলাল, সাহিত্য পত্রিকা উত্তরকাল সম্পাদনা করেন। ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন জাতীয় দৈনিকের সাহিত্য পাতায় এবং সংকলনে তাঁর লেখা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তিনি কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠালগ্ন (১৯৮৪) থেকে এর সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত একটানা ৭ বছর তিনি পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেন। কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রকাশিত সংকলনগুলোতেও তাঁর বেশ কয়টি লেখা ছাপা হয়। তিনি কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদ আয়োজিত সাহিত্যসভায় ও সাহিত্যসম্মেলনগুলোতে সক্রিয় ভূমিকা পালন করেন। কিশোরগঞ্জ প্রেসক্লাব সহ নানা সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে তিনি জড়িত ছিলেন। তিনি ছিলেন কিশোরগঞ্জের সাহিত্যাঙ্গনে অভিভাবকতুল্য।

গত মঙ্গলবার বাদ জোহর ঐতিহ্যবাহী শহীদী মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে ঐতিহাসিক শোলাকিয়া ভাগে জান্নাত কবরস্থানে দাফন করা হয়। সাহিত্যিক সাংবাদিক কবি রেজাউর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মোঃ রমজান আলী, কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, সেক্রেটারি সাংবাদিক শামসুল আলম সেলিম, শিখর সাহিত্য সংসদ এর সভাপতি কবি জহির সাদাত প্রমুখ।