মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় রোববার উপজেলা চত্বরে “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখ” এই প্রতিপাদ্য সামনে রেখে ভূমি মেলা -২৫ অনুষ্ঠিত হয়েছে। মেলায় ভূমি উন্নয়ন কর প্রদানের মাধ্যমে জমির যথাযথ রক্ষণাবেক্ষণ প্রতিটি নাগরিকের দায়িত্ব এ বিষয়ে সচেতন করা হয়। সকাল দশটার দিকে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেনের নেতৃত্বে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সভাপতিত্ব করেন সাটুরিয়া সহকারী কমিশনার (ভূমি) মো: তানভীর আহম্মদ।
ভূমি সেবা সংক্রান্ত তথ্য ও সচেতনতা মূলক বার্তা লেখা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে বহন করে সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ র্যালিতে অংশগ্রহণ করেন।
হাটহাজারী
হাটহাজারী (চট্টগ্রাম): সারাদেশে একযোগে পালিত হচ্ছে “ভূমি সেবা সপ্তাহ ২০২৫”, যার অংশ হিসেবে হাটহাজারী উপজেলা ভূমি কার্যালয়েও তিন দিনের বিশেষ সেবা কার্যক্রম শুরু হয়েছে। সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ বি এম মশিউজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মশিউজ্জামান বলেন, “ভূমি হলো মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। এই সম্পদ যেন জটিলতা ও হয়রানি থেকে মুক্ত থাকে, তা নিশ্চিত করতেই সরকার ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে কাজ করে যাচ্ছে। আমরাও প্রশাসনের প্রতিনিধিত্ব করে এই সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।”
নান্দাইল (ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইল উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি মেলা সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ মে) দুপুর ১১টায় নান্দাইল উপজেলা ভূমি অফিসের সামনে সেবা গ্রহীতাদের জন্য উদ্যান মায়াবনে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার এ ভূমি মেলা সপ্তাহের শুভ উদ্বোধন করেন। নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমানের সভাপতিত্বে ও নান্দাইল সদর ইউনিয়নের উপসহকারী কর্মকর্তা আজিজুল হকের সঞ্চালনায় সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার, বিশেষ অতিথি নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, উপজেলা জামায়েতে ইসলামীর আমীর কাজী শামসুদ্দিন, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক কামরুজ্জামান খোকন প্রমুখ।
পত্নীতলা (নওগাঁ) : নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি স্লোগানে নওগাঁর পত্নীতলা উপজেলায় ভূমি মেলা শুরু হয়েছে।
উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি র্যালি বের করে ভূমি অফিসে গিয়ে শেষ হয়। র্যালি শেষে তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন।
বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা: ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি’ শ্লোগান নিয়ে নাটোরের বাগাতিপাড়ায় তিন দিনব্যাপী ভূমি মেলা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
মেলা উপলক্ষে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস প্রাঙ্গনে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা। পরে উপজেলা ভূমি অফিসের সেবা গ্রহীতাদের বিশ্রামের জন্য নির্মিত “ঠিকানা” নামক কক্ষে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন সিস্টেমসহ ভূমি সংক্রান্ত নানা বিষয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।