দর্শনা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা : চুয়াডাঙ্গার জীবননগর-দত্তনগর মূল সড়কের পাশেই ময়লা আবর্জনার স্তূপ। সড়কের কয়েকটি স্থান যেন মরা পশু-হাঁস-মুরগি আর ময়লা-আবর্জনা ফেলার ভাগাড় হয়ে উঠেছে। বর্জ্য পরিশোধনাগার ব্যবস্থা না থাকায় মারাত্মক পরিবেশ দূষণসহ জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। পলিথিনের ব্যাগসহ নানা ধরনের বর্জ্য দিয়ে ভরা সড়কের একপাশ। এসব থেকে চারদিকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এর পাশ দিয়েই নাক চেপে ধরে হেঁটে যেতে হয় পথচারীদের। ময়লার এই অব্যবস্থাপনার কারণে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর উদ্ভেক প্রকাশ করেছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, জীবননগর পৌরসভার ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট কোন জায়গা না থাকায় এক প্রকার বাধ্য হয়ে সড়কের পাশেই পৌরসভার আবর্জনা ফেলা হচ্ছে। যার ফলে সড়কের এক পাশ ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। সড়কের ৩০০ গজ দূরে জীবননগর উপজেলা আলীম মাদ্রাসাসহ বেশ কয়েকটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের একটি মাত্র সড়কে এটি। প্রতিষ্ঠানের প্রবেশ মুখেই ময়লার দুর্গন্ধ ও ধোঁয়ায় ছাত্র ছাত্রীরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
স্থানীয়রা বলেন, অপরিকল্পিতভাবে দিনের পর দিন পৌরসভা থেকে এসব ময়লা-আবর্জনা ফেলায় দুর্ভোগ চরমে পৌঁছেছে। নাকে কাপড় দিয়ে কিংবা নিশ্বাস বন্ধ করে এ রাস্তার পাশ দিয়ে যেতে হয়।
জীবননগর সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সৈয়দজাদী মাহাবুবা মঞ্জুর মৌনা বলেন, পৌরসভার ময়লা আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট কোন জমি নেই। বর্তমানে আমরা জমি খুঁজছি । উপযুক্ত জমি পেলেই আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো।