হাটহাজারী সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সম্প্রতি হালদা নদীর গুমানমর্দন ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালানো হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে আসামিরা নৌকা নিয়ে রাউজান সীমানায় পালিয়ে যায়। ফলে কাউকে অর্থদ- বা কারাদ- দেওয়া সম্ভব হয়নি।
এদিন বিকেলে উপজেলার কাটিরহাট উদালিয়া এলাকায় পাহাড় কাটার বিরুদ্ধে আরও একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাহাড় কাটার নমুনা ও পরিমাণ লিপিবদ্ধ করা হলেও ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলার কার্যক্রম গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তরে তথ্য প্রেরণ করেছে প্রশাসন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, হাটহাজারীতে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।