বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, বিশ্ব মানবতার জন্য রহমত হিসেবে আল্লাহ তায়ালা রাসূল (সা.) কে পাঠিয়েছেন। ইসলামকে উপলব্ধি করতে হলে, কুরআনকে উপলব্ধি করতে হবে, ইসলামী আন্দোলনকে বুঝতে হলে কুরআন অধ্যয়নের পাশাপাশি রাসূল (সা.) এর সীরাত অধ্যয়ন করতে হবে। এর কোনো বিকল্প নেই। কুরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য রাসূল (সা.) এর সীরাত অনুধাবন করতে হবে। তিনি বলেন, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ইসলামকে বিতর্কিত করার চেষ্টা অব্যাহত রয়েছে। এক্ষেত্রে কুরআনের পাশাপাশি সীরাত অধ্যয়ন করতে হবে।

ইসলামের আদর্শিক সৌর্ন্দয মানুষের সামনে তুলে ধরতে হবে। প্রতিটি ঘরে ইসলামের দাওয়াত পৌছে দিতে হবে। একজন দাঈ’র চরিত্রে নিজেদের চরিত্রবান করতে হবে। তিনি বলেন, আমরা কঠিন সময় অতিক্রম করছি। ঘোর অমানিশার মধ্য দিয়ে আমরা দিন অতিবাহিত করছি। শিক্ষা ব্যবস্থায় মূল্যবোধ বলতে কিছুই নেই। এ অবস্থা থেকে উত্তরণের পথ একটাই, সেটা হচ্ছে রাসূল (সা.) এর দেখানো পথে চলতে হবে।

তার সীরাত বেশী বেশী অধ্যয়ন করতে হবে। কার্যকরী দাওয়াত দিতে হবে। শনিবার বিকেলে নগরীর দৌলতপুর থানাধীন আল মুনতাহা মাদরাসা ও আদর্শ হিফযখানার উদ্যোগে বার্ষিক সীরাত প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী, আধ্যাপক ইকবাল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক এস এম আজিজুর রহমান স্বপন, দৌলতপুর থানা আমীর মাওলানা মুশাররফ আনসারী। অন্যান্যের মধ্যে ওয়ার্ড আমীর রেজাউল কবির, হাসানুজ্জামান, আব্দুল হালিম, আব্দুল হামিদ প্রমুখ।