বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এবারের নির্বাচনে কাউকে ভোট চুরি করতে দেয়া যাবে না। প্রতিটি কেন্দ্রে পাহারা বসাতে হবে যাতে কেউ ভোট জালিয়াতি করতে না পারে। ভোটকেন্দ্র পাহারায় জামায়াত কর্মীদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র ও তালবাহানা চলছে। এবং একটি পক্ষ জামায়াতে ইসলামীকে দমন করার জন্য ফ্যাসিবাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। জামায়াতের নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে। এটা লেভেল প্লেয়িং ফিল্ডের নমুনা নয়। এভাবে চলতে থাকলে আগামী নির্বাচনের প্রস্তুতি প্রশ্নের মুখে পড়বে। এজন্যই আমরা বারবার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানাচ্ছি।
গতকাল বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে লক্ষ্মীপুর- ২ (রায়পুর-সদর আংশিক) আসনের প্রীতি সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ লক্ষ্মীপুর ফোরামের সভাপতি ডা. আনোয়ারুল আজিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরামের সেক্রেটারি মাহমুদুর রহমান মুরাদ। প্রেসবিজ্ঞপ্তি।