দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : গত ১৮ জুলাই বাদ মাগরিব সাবেক মেয়র ভিপি আব্দুস ছাত্তার হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছেন।
রাজনৈতিক জীবনে ভিপি আব্দুস ছাত্তার হাসানপুর শহীদ নজরুল সরকারি কলেজ শাখার ছাত্রদলের সভাপতি ছিলেন। এরপর কলেজ সংসদের জিএস নির্বাচিত হন, তারপর কলেজ সংসদের ভিপি নির্বাচিত হন।তিনি ছিলেন তুখোড় ছাত্র নেতা। ৯০ এর স্বৈরাচার ছাত্র আন্দোলনে তাঁর অগ্রণী ভূমিকা ছিল। এরপর বৃহত্তর দাউদকান্দি উপজেলা ছাত্রদলের সভাপতি ছিলেন। তারপর উপজেলা যুবদলের সভাপতি।
ড. খন্দকার মোশাররফ হোসেন ভিপি আব্দুস ছাত্তাকে দাউদকান্দি পৌর বিএনপির সভাপতি পদে দায়িত্ব দেন। তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। তারপর দাউদকান্দি পৌরসভার উপ-নির্বাচনে তিনি বিএনপি সমর্থিত মেয়র নির্বাচিত হন।
গতকাল শনিবার সকাল ১১টায় জানাযা শেষ করে তাকে দাফন করা হয়। তার জানাযায় দাউদকান্দির সকল স্তরের মানুষ উপস্থিত হন।