কয়রা উপজেলা সংবাদদাতা : ঢাকাস্থ কয়রা-পাইকগাছা উন্নয়ন ফোরাম, ঢাকা (সাভার-আশুলিয়া-ধামরাই) ‘র উদ্যোগে শুক্রবার সকালে সাভার মডেল কলেজ মিলনায়তনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারি পরিচালক, আধুনিক কয়রা-পাইকগাছা গড়ার স্বপ্নদ্রষ্টা, আগামী জাতীয় নির্বাচনে খুলনা-৬ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
তিনি বলেন, কয়রা-পাইকগাছা একটি প্রত্যন্ত অঞ্চল হওয়া সত্ত্বেও জামায়াতে ইসলামীর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। তাই আগামী নির্বাচনে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে। মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। প্রতিটা ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। জনগণের গুরুত্বপূর্ণ ভোটের আমানত রক্ষা করতে হবে।
মাওলানা আবুল কালাম আজাদ আরও বলেন, পরস্পর সব ধরনের হিংসা-বিদ্বেষ ভুলে একতাবদ্ধ হয়ে দাঁড়িপাল্লার পক্ষের প্রার্থীকে বিজয়ী করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক, অত্র কলেজের প্রিন্সিপাল তৌহিদ হাসান, ও স্থানীয় কয়রা-পাইকগাছার বিভিন্ন দায়িত্বশীলগণ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন । এছাড়াও পৃথক কর্মসূচিতে কয়রা-পাইকগাছা ফোরাম ঢাকা মহানগরী উত্তর,দক্ষিণ, পূর্ব ও পশ্চিম জোনের দায়িত্বশীলদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।