নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জে জেলার ইটনা উপজেলার বাদলা ইউনিয়ন নৌকায় সাউন্ডবক্সের উচ্চশব্দের সঙ্গে নাচানাচি করার সময় মাদকসহ ৩৯ জনকে আটক করেছে যৌথবাহিনী। গত শুক্রবার (১৩ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার বাদলা ইউনিয়ন এলাকা থেকে শিশুর এবং যুবকদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৬ পিস ইয়াবা, ১৯টি বিদেশি মদের খালি বোতল পাওয়া গেছে। আটকদের মধ্যে ৩৭ জনের বয়স ১৮ বছরের নিচে হওয়া মুচলেকা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আটকদের মধ্যে তিনজন নৌকার মাঝি ও পাঁচজন সাউন্ডসিস্টেমের লোক। বাকিরা কিশোর।

স্থানীয় সূত্রে জানা গেছে কিশোরগঞ্জ জেলার হাওর উপজেলা ইটনার বাদলা ইউনিয়নে নৌকা ভাড়া করে একদল কিশোর মাদক নিয়ে উচ্চশব্দে গান বাজিয়ে নাচানাচি করছিল। এসময় যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৪৬ পিস ইয়াবা ১৯টি বিদেশি মদের খালি বোতলসহ তাদের আটক করে।

ইটনা থানার উপ-পরিদর্শক আলমগীর বিষয়টি নিশ্চিত করে জানান, যৌথবাহিনীর অভিযানে ৩৯ জনকে মাদকসহ আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে ৩৭ জনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় মুচলেকা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে দুজনের কাছে ইয়াবা পাওয়ায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।