হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ফুটপাত দখল ও সরকারি সড়কে বালু ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে ৫ জনকে মোট ১৩ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়েছে। সম্প্রতি পৃথক অভিযানে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এ দ-াদেশ দেন।

২২ সেপ্টেম্বর কাচারি সড়কে পরিচালিত অভিযানে ফুটপাত দখল করে দোকান বসিয়ে যানজট সৃষ্টি করার অপরাধে চারজনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। দ-প্রাপ্তরা হলেন— রবিউল (৩০), হিমায়েত (৫৫), মো. সেলিম (৩৫) ও মো. সিরাজুল ইসলাম (৬০)। এর আগে ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার কাচারি সড়ক এলাকায় এরশাদ প্লাজার সামনে সরকারি সড়কে বেআইনিভাবে বালু রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে মো. শাহজাহান নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুই অভিযানে দ-বিধি ১৮৬০ এর ১৮৮ ও ২৯১ ধারায় এ শাস্তি দেওয়া হয়।