মোংলায় বিশেষ অভিযানে প্রায় ১ লক্ষ ৮৫ হাজার টাকা মূল্যের ২৬৪ ক্যান বিদেশি বিয়ার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি টিম মোংলা বন্দরের নিকটবর্তী ইঞ্জিনিয়ারিং ভবনের সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ঐ এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় ২৬৪ ক্যান বিদেশি বিয়ার, যার আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ৮৪ হাজার ৮০০ টাকা।

তিনি আরও জানান, কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মদ সংক্রান্ত পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মাদকের করাল গ্রাস থেকে তরুণ সমাজকে রক্ষা করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।