ধুনট (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার ধুনটে ইউপি সদস্যদের অংশগ্রহণে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ও শক্তিশালীকরণের লক্ষ্যে ১০ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন।

৫টি ব্যাচে বিভক্ত হয়ে ১৯ মে সোমবার থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালা আগামী ২৯ মে সোমবার পর্যন্ত চলবে। প্রথম ২ দিনের অধিবেশনে উপজেলার কালের পাড়া ইউনিয়ন এবং নিমগাছী ইউনিয়নের সদস্যগন অংশগ্রহণ করেন।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (৩য় পর্যায়) ধুনট উপজেলার ১০টি ইউনিয়নের অংশগ্রহণ মুলক দক্ষতার সাথে গ্রাম আদালত সম্পর্কে বিষদ ধারণা দিতে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) সংক্রান্ত মূল প্রবন্ধ উপস্থাপন ও গ্রাম আদালত সম্পর্কিত ভিডিও প্রদর্শনী উপস্থাপন করেন উপজেলা সমন্বয়কারী, গ্রাম আদালত, বিশ্বজিৎ সরকার।

১০ দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, ধুনট থানার অফিসার ইনচার্জ সাইদুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আল কাফি, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা আফতাব উদ্দিন।