দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দিতে আলোচিত আল-আমিন হত্যা মামলার এক নম্বর এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা দাউদকান্দি মডেল থানা পুলিশের সহযোগিতায় ঢাকার বনানী থানার কাকলি এলাকা থেকে আসামি মোহাম্মদ দ্বীন ইসলাম ওরফে ডালিমকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দ্বীন ইসলাম (ডালিম) দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের হাউদি গ্রামের হোসেন প্রধানের পুত্র। উল্লেখ্য, গত মাসে আল-আমিনকে দ্বীন ইসলাম কিল ও ঘুষি মেরে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। গ্রেফতারের পর গত ২০ অক্টোবর আসামি দ্বীন ইসলামকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি জুনায়েত চৌধুরী) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।