মাহবুব আলম (রাজশাহী তানোর) সংবাদদাতা : রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে তানোর উপজেলার মালশিরা গ্রামে সংঘটিত আলোচিত ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটন হয়েছে। এ ঘটনায় আন্তঃজেলা সক্রিয় ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গত ৫ সেপ্টেম্বর ভোর রাতে তানোর উপজেলার মালশিরা গ্রামের বাসিন্দা মোয়াজ্জেমুল হোসেনের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে স্বর্ণালঙ্কার, নগদ আড়াই লাখ টাকা, ৪টি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়। পুলিশ সুপার ফারজানা ইসলাম এর নির্দেশে এবং জেলা ডিবির ওসি মোঃ আরিফ আলীর নেতৃত্বে চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।