সাতকানিয়া সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “বাংলাদেশের সবচেয়ে বড় পরিচয় হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। এই মাটিতে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলেই আমাদের সংস্কৃতি ও মানবিকতার এক অনন্য সেতুবন্ধন গড়ে তুলেছে। ধর্ম পালন ব্যক্তিগত বিশ্বাসের বিষয়, কিন্তু সম্প্রীতি হচ্ছে আমাদের জাতীয় চেতনাবোধ”।

তিনি গত মঙ্গলবার লোহাগাড়া উপজেলার সুখছড়ি সার্বজনীন রাস মহোৎসবের ধর্মসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরও বলেন, “রাস মহোৎসব কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মিলনমেলা-শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার শিক্ষা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার এক অসাধারণ প্রক্রিয়া। পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে আমরা যদি এগোতে পারি, তবে বাংলাদেশ আরও সমৃদ্ধ, আধুনিক ও মানবিক রাষ্ট্রে পরিণত হবে।”

রাস মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি বাবু তপন দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. রিটন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে ভক্তদের ঢল নামে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীমৎ স্বামী অজপানন্দ ব্রহ্মচারী, শ্রীমৎ স্বামী নিরঞ্জানন্দ ব্রহ্মচারী, সুখছড়ী কালীমন্দির পরিচালনা পরিষদের সভাপতি বাদল দাশ, ডা. সুভাষ মজুমদার ও মাষ্টার মোবারক আলী।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা সভাপতি মৃণাল দাশ মিলন, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি কেন্দ্রীয় সংসদের সহ-দপ্তর সম্পাদক শিক্ষক সুমন মজুমদার হিরু, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ লোহাগাড়া উপজেলা সভাপতি বাবু পলাশ দাশ, সাধারণ সম্পাদক সাংবাদিক খোকন সুশীলসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।