সাতকানিয়া সংবাদদাতা : সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আমাদের স্পষ্ট ঘোষণা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলতে কোন শব্দ নেই। আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশী, এই দেশে আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সব ধর্মের মানুষ সম্প্রীতির মাধ্যমে বসবাস করতে চাই। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি সভায় বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও আইসিটি অফিসার আনোয়ার হোসাইন পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সাতকানিয়া সাতকানিয়া সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন সাবিকুজ্জামান শামীম পারভেজ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন, সাতকানিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র নওয়াব মিয়া বিএনপি নেতা এ জেড এম তসলিম উদ্দিন চৌধুরী, সাঙ্গু সাংগঠনিক থানা জামায়াতের আমির মাস্টার সিরাজুল ইসলাম, সাতকানিয়া এলডিপির সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, সাতকানিয়া পূজা পরিষদের আহ্বায়ক রাজিব কুমার ধর, উত্তর সাতকানিয়া এলডিপির সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সিকদার, সাতকানিয়া সাংবাদিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম বাবর ও পূজা পরিষদের সাধারণ সম্পাদক রাজীব নন্দী বক্তব্য রাখেন।