শার্শা (যশোর) সংবাদদাতা: অক্টোবর মাস বিশ্বব্যাপী “পিঙ্ক মান্থ” বা স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালিত হয়। শার্শা উপজেলা প্রশাসন ও “আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট -এর যৌথ উদ্যোগে শার্শা উপজেলা অডিটোরিয়ামে “স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার ও আলোচনা সভা” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ক্যান্সার সার্জন ও বিশেষজ্ঞ ডা. বনি আমিন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নিয়াজ মাখদুম। তিনি বলেন, “স্তন ক্যান্সার প্রতিরোধের মূল চাবিকাঠি হলো সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং নিজের প্রতি যতœশীল থাকা। প্রতিটি নারী যদি নিজের শারীরিক সুস্থতা সম্পর্কে সচেতন হন, তাহলে উপকৃত হবেন শুধু তিনি নন, তার পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মও। সময়মতো রোগ সনাক্তকরণ, যথাযথ চিকিৎসা গ্রহণ এবং ইতিবাচক মনোভাবই তিনটি বিষয়ই জীবন রক্ষার সবচেয়ে কার্যকর ও শক্তিশালী হাতিয়ার।” সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম. এম. জাহিদুর রহমান (বিপ্লব) বলেন “আমরা নারী একটি অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন, যা দীর্ঘদিন ধরে নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসুরক্ষা, শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করছে।