দর্শনা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা : সীমান্ত সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়ে চুয়াডাঙ্গা দর্শনা সীমান্তে বিজিবি-বিএসএফ এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ মে) দুপুর ১ টা থেকে ২ টা পর্যন্ত চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধীনস্থ দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৭৬ এর নিকট শূন্য লাইনে বাংলাদেশ পার্শ্বে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অনানুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হাসান এবং সীমানগর ৩২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট শ্রী সুজিত কুমার উপস্থিত ছিলেন।

পতাকা বৈঠকের শুরুতে উভয় ব্যাটালিয়ন কমান্ডার একে অপরের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পরবর্তীতে সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

আলোচনা চলাকালে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকা দিয়ে ভারতে অভিবাসন হিসেবে বসবাসরত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।