সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা: গাইবান্ধার সুন্দরগঞ্জে সদ্য উদ্বোধন হওয়া মওলানা ভাসানী সেতুর ল্যাম্পপোস্টের বৈদ্যুতিক ক্যাবল চুরির মামলায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার হওয়া একজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে চুরির দায় স্বীকার করেছেন।

শনিবার বিকালে সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ তাদেরকে গাইবান্ধা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, ধাপেরহাট ইউনিয়নের ছাইগারি ইসলামপুর গ্রামের বাদশা শেখের ছেলে খায়রুল ইসলাম (২১) এবং রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত খিজির উদ্দিনের ছেলে মনছুর আলী (৬৯)। এর মধ্যে খায়রুল আদালতে ক্যাবল চুরির দায় স্বীকার করেছেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ক্যাবল চুরির মামলায় গ্রেফতার দুইজন। তাদের মধ্যে একজন আদালতে জবানবন্দি দিয়েছেন। চুরির সঙ্গে আরও কারা জড়িত, তাদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।’