ঈদগাঁও, কক্সবাজার : ঈদগাঁও উপজেলায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে গরু চোর সিন্ডিকেট। ১৯ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত ২৪ দিনের ব্যবধানে ১৮ টি গরু লুট করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার কিংবা শনাক্ত করা যায়নি।এতে উপজেলা জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।

জানা যায়, গত ১৯ জুন ঈদগাঁও ইউনিয়নের সাতঘড়িয়া পাড়া এলাকার ইসহাকের বাড়ি থেকে চারটি, নুরুল কবিরের বাড়ি থেকে দুইট, ২০ জুন মাইজপাড়া এলাকার সাজ্জাদের বাড়ি থেকে তিনটি, ১ জুলাই চাঁন্দেরঘোনা এলাকার জামাল উদ্দিনের বাড়ি থেকে দুইটি ও আবু হেনার বাড়ি থেকে একটি, ৮ জুলাই জালালাবাদ ইউনিয়নের ছাতি পাড়া এলাকার আব্দু ছমদের বাড়ি থেকে চারটি, ১৩ জুলাই মাছুয়াখালী থেকে দুইটিসহ মোট ১৮ টি গরু লুট করেছে চোর সিন্ডিকেট।

এ বিষয়ে জুলাই যোদ্ধা এডভোকেট এসকে ফারুকী বলেন, ঈদগাঁওতে ধারাবাহিক গরু চুরির ঘটনা চরম আইনশৃঙ্খলার অবনতি। যা পুলিশ প্রশাসনের ব্যর্থতার বহিঃপ্রকাশ। তিনি পুলিশ প্রশাসনকে আরো দায়িত্বশীল ভুমিকা রাখার আহবান জানান।

ঈদগাঁও থানার ওসি মছিউর রহমান বলেন, আমাদের দুইটি টহল পুলিশ টিম রয়েছে। প্রতিদিন তারা কাজ করছে। তবে জনবল সংকট ও সাধারণ মানুষের অসচেতনতার কারণে গরু চুরি ঠেকানো যাচ্ছে না। তবে গরু চুরি প্রতিরোধে আমাদের চেষ্টা অব্যাহত আছে।

কক্সবাজারের সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, ঈদগাঁওয়ের বিভিন্ন খামার কিংবা গোয়াল ঘর থেকে কিছু গরুচুরির ঘটনা শুনেছি। এ গরু গুলো গাড়ি যোগে নিয়ে যায়। এ বিষয়ে রাস্তার বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা ও চেকপোস্ট বসানোর পরিকল্পনা করা হয়েছে।