সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটনকেন্দ্রে নিখোঁজের এক সপ্তাহ পর উদ্ধার হলো পর্যটক আবু সুফিয়ানের (২৬) লাশ। ১৬ জুলাই মঙ্গলবার সকালে জাফলংয়ের বল্লাঘাট খেয়াঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বল্লাঘাট খেয়াঘাট এলাকায় ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। মরদেহটি নিখোঁজ আবু সুফিয়ানেরই নিশ্চিত করেছে পুলিশ।ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহত আবু সুফিয়ান সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের আব্দুল হকের ছেলে।