রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জের রায়গঞ্জে ৬ লাখ টাকা, মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোনসহ নাজমুল হাসান রুবেল (২৮) নামে এক বিকাশ কর্মী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। তিনি কি টাকা নিয়ে পালিয়েছেন নাকি অপহৃত হয়েছেন তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে।
নিখোঁজ রুবেল তাড়াশ উপজেলার উত্তর মথুরাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসে ডিএসও পদে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো রবিবার (২৪ আগস্ট) সারাদিনের কাজ শেষে তিনি সন্ধ্যায় অফিসে ফেরার কথা ছিল। কিন্তু সন্ধ্যার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সহকর্মীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রাত আনুমানিক ১২টার দিকে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, নিখোঁজ হওয়ার সময় রুবেলের কাছে নগদ ৬ লাখ টাকা, একটি মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোন ছিল।
সোমবার (২৫ আগস্ট) সকালে রায়গঞ্জ উপজেলা পরিষদ কেন্দ্রীয় কবরস্থানের সামনের রাস্তার পাশের একটি বাগানে তার মোটরসাইকেল ও হেলমেট পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করে। তবে রুবেলের কোনো খোঁজ মেলেনি।
ভূঁইয়াগাঁতী বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসের কর্মকর্তা শ্যামা প্রসাদ জয় বলেন, উদ্ধার হওয়া মোটরসাইকেল ও হেলমেট রুবেলের। কিন্তু তাকে এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম. মাসুদ রানা জানান, বিকাশ কর্মী নিখোঁজের বিষয়ে অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল থেকে তার মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।