হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চারিয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনার পর সম্প্রতি বিদ্যালয়টি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও ভবনের ঝুঁকিপূর্ণ অংশসমূহ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এসময় তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ জাকির, স্থানীয় ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানান, বিদ্যালয়ের ভবনটি বহু বছর আগে নির্মিত হওয়ায় বর্তমানে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পলেস্তার খসে পড়ায় প্রতিনিয়ত শিক্ষার্থীরা আতঙ্কে ক্লাস করছে। তারা দ্রুত ভবন সংস্কার বা নতুন ভবন নির্মাণের দাবি জানান।
উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মুমিন বলেন, “বিদ্যালয়ের ভবনটি পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ব্যবস্থা নেয়া হবে।”