রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৮ কোটি ৪২ লাখ ৪০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেটে ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি ৭৫ লাখ ৯৭ হাজার ২২৫ টাকা। বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৪ হাজার ৭৭৫ টাকা।

গত ২৯ জুন উপজেলা পরিষদ সভাকক্ষে বাজেট ঘোষণা করেন উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

সভায় ইউএনও বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোসহ প্রতিটি খাতে সমতা রেখে বাস্তবমুখী ও জনমুখী বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেট সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম, পূর্বাচল ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার তাসবির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল কুমার, শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় প্রতিনিধিরা।

সভায় স্থানীয় উন্নয়ন কর্মকা-ে বাজেটের যথাযথ ব্যবহার নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা রূপগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে মতামত দেন।

ছাতক (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের ছাতক পৌরসভার ২০২৫-২৬ইং অর্থ বছরের ৫৪ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ৩৪৭ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ছাতক পৌরসভার হল রুমে প্রস্তাবিত বাজেট পেশ করেন, পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৫২ কোটি ৮৮ লাখ ৫৯ হাজার ৫৯৪ টাকা এবং উদ্ধৃত দেখানো হয়েছে ১ কোটি ৯৫ লাখ ২৪ হাজার ৭৩৫ টাকা। বাজেট আলোচনায় স্থায়ী বাস টার্মিনাল, ছাতক পাবলিক মিলনায়তন বেদখল, পৌরসভার ড্রেনের পানিতে জলাবদ্ধতা ও ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রনসহ নানান বিষয়ে প্রশ্ন তুলে ধরা হয়। এসব বিষয়ে পৌর প্রশাসক ও পৌরসভা প্রকৌশলী প্রশ্নের উত্তরের পাশাপাশি পৌর নাগরিক সেবা নিশ্চিত করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

পাইকগাছা (খুলনা)

খুলনার পাইকগাছা পৌরসভায় ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। বাজেটে ৪৪ কোটি, ৩৮ লাখ, ৮০ হাজার, ৭৮২ দশমিক ১৮ টাকা আয়, ৪৪ কোটি, ১৩ লাখ ৮০ হাজার, ৩৪১ দশমিক ৬৭ টাকা ব্যয় ও ২৫ লাখ, ৪৪১ দশমিক ৫১ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। পৌরসভার অফিস কক্ষে রোববার সকাল ১০টায় বাজেট পেশ করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। পাইকগাছা পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লালু সরদারের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, পাইকগাছা থানা অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইব্রাহিম, পৌর প্রকৌশলী মোঃ নুর আহম্মদ, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান ও সাংবাদিক আবুল হাসেম।