শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা: শাহজাদপুরে কবরস্থান থেকে ১৬টি মানবকঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত সোমবার (২০ অক্টোবর) অমাবস্যার রাতে উপজেলার বেলতৈল ইউনিয়নের কুঠি সাতবাড়িয়া কবরস্থান থেকে এসব কঙ্কাল চুরির ঘটনা ঘটে। ১৬টি কবর খুড়ে কঙ্কালগুলো চুরি করার পর চোরের ট্রাউজার, গেঞ্জি এবং কবর খোঁড়ার যন্ত্র রেখে যায়। তবে এ ঘটনায় চোর চক্রের কাউকে শনাক্ত করা যায়নি। এদিকে ঘটনা জানাজানি হওয়ার পর দলে দলে কবরস্থানে মানুষ এসে ভিড় করছে। সম্প্রতি এলাকাবাসী ও কবরস্থান পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, স্থানীয় মসজিদের মুসল্লিরা ফজরের নামাজ শেষে কবরস্থানে গেলে বেশকিছু কবরের মাটি আলগা দেখতে পায়। পরে উৎসুক মুসল্লিরা কাছে গেলে দেখতে পান কবরগুলো থেকে কঙ্কাল নিয়ে গেছে।

কবরস্থানের কঙ্কাল চুরির ঘটনায় স্বজন ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় স্কুল শিক্ষক ছানোয়ার হোসেন। তিনি বলেন, যেসব কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে, সেখানে গত ১থেকে দেড় বছরের মধ্যে মৃত মানুষকে কবর দেওয়া হয়েছিল।