এক বছরেরও বেশি সময় ধরে আত্মগোপনে থাকার পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন চট্টগ্রামের রাউজান আসনের সাবেক আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) ইরফান আহমেদ। ভারতে পালিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর থেকে গতকাল বুধবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইরফান আহমেদ (৫২) রাউজান উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম সাময়িকভাবে স্থগিত) সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। উল্লেখ্য, তার সাবেক নেতা এবিএম ফজলে করিম চৌধুরীও বর্তমানে কারাবন্দী আছেন।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর থেকেই ইরফান আহমেদ আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি গোপনে ভারতে চলে যাওয়ার সব আয়োজন সম্পন্ন করেন। কিন্তু রাউজান থানা পুলিশ গোপন সূত্রে তার এই পরিকল্পনার কথা জানতে পারে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশ ইরফানকে গ্রেফতার করে। তাকে রাউজান থানায় নিয়ে আসা হচ্ছে এবং এরপর আদালতে তোলা হবে। তার বিরুদ্ধে রাউজান থানায় একটি মামলা রয়েছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, ইরফান আহমেদের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন, আওয়ামী লীগের অভ্যন্তরে ফজলে করিম বিরোধী কর্মীদের হয়রানি, এবং ধর্মীয় সংগঠন মুনিরিয়া যুব তবলীগ কমিটির কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের মতো গুরুতর অভিযোগ রয়েছে।