সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া এলাকার খালিলুর রহমান ডিগ্রি কলেজে আজ সফলভাবে অনুষ্ঠিত হলো মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের ফ্রি ফ্যামিলি কনফারেন্স। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন ইউনিভার্সিটি অব লন্ডনের সিইও ও সহ-প্রতিষ্ঠাতা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব গোলাম মুর্তুজা। তাঁর তথ্যবহুল ও অনুপ্রেরণামূলক বক্তব্যে তিনি একটি আদর্শ পারিবারিক কাঠামো, পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা এবং একটি সুস্থ ও নৈতিকতাসম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার অপরিহার্যতার ওপর আলোকপাত করেন। রয়্যাল কমনওয়েলথ সোসাইটির একজন অ্যাসোসিয়েট ফেলো, ইউনিভার্সিটি অব সান্ডারল্যান্ড থেকে এমবিএ, নর্থামব্রিয়া ইউনিভার্সিটি লন্ডন থেকে এলএলবি (সম্মান) এবং সিএফএ (লেভেল-১) অর্জনকারী মুর্তুজার জ্ঞানগর্ভ আলোচনা উপস্থিত সুধীজনের মাঝে গভীর রেখাপাত করে এবং তাদের হৃদয়ে আশার আলো জ্বালায়।

বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচ.ডি. ফেলো এবং ডিএমএইচ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব জহিরুল হক তাঁর বক্তব্যে ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি পরিবারকে সমাজের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে একটি সুখী ও সমৃদ্ধ জাতি গঠনে পরিবারের মৌলিক ভূমিকা তুলে ধরেন, যা প্রতিটি শ্রোতার মনে ইতিবাচক প্রভাব ফেলে।