লালপুর (নাটোর) সংবাদদাতা : “কোনও মাত্রাই নিরাপদ নয়, এখনই সময় সিসা দূষণ বন্ধে কাজ করার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ–২০২৫ উপলক্ষে নাটোরের লালপুরে সচেতনতামূলক র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে লালপুর বাজার ত্রিমোহনী চত্বরে ভলান্টিয়ার ফর বাংলাদেশ, ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থ বাংলাদেশ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। এতে সহযোগিতা করে ইউনিসেফ বাংলাদেশ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ্ উদ্দিন, ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান, সাপ্তাহিক লালপুর বার্তা-র সম্পাদক আব্দুল মোত্তালেব রায়হান, ভলান্টিয়ার ফর বাংলাদেশ নাটোর জেলা সেক্রেটারি মোহাম্মদ আল আমিন, প্রত্যাশা একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল মোত্তালেব, এবং আব্দুলপুর মানবিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাউসার আলম সবুজ প্রমুখ।
বক্তারা বলেন, সিসা একটি মারাত্মক বিষাক্ত ধাতু, যা বিশেষত শিশুদের মস্তিষ্কের বিকাশে বাধা সৃষ্টি করে, বুদ্ধিবৃত্তিক সক্ষমতা হ্রাস করে এবং শারীরিক বিকলাঙ্গতার ঝুঁকি বাড়ায়।
তারা সমাজের প্রতিটি স্তরে সিসা দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে সিসা দূষণের ক্ষতিকর প্রভাব থেকে বিশেষ করে শিশুদের রক্ষা করা সম্ভব।