টাঙ্গাইলের সখিপুরে এক যুবককে খেলার মাঠে ছুরিকাঘাতের ঘটনায় ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাতুল আহমেদকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে ছাত্রদল।
গত বুধবার রাতে উপজেলা পৌর ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদুল ইসলাম অন্তর এবং সদস্য সচিব রাফেল আহমেদের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাতুল আহমেদ সখিপুর পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলেন।
স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সখিপুর পৌর শাখার সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাতুলকে পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।’ মঙ্গলবার বিকেলে সৃষ্টি সংঘ মাঠে খেলা চলার সময় পূর্ব শত্রুতার জের ধরে রাতুল, আসিফ ও সাকিবসহ বেশ কয়েকজন সবুজের ওপর হামলা করেন। সবুজ জীবন বাঁচাতে দৌড় দিয়ে খেলার মাঠে ঢুকে পড়েন। আক্রমণকারীরাও সবুজের পিছু নিয়ে খেলার মাঠে ঢুকে কিল-ঘুসিসহ এক পর্যায়ে সবুজের পেটে ছুরি দিয়ে আঘাত করেন।