ফতুল্লা (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : সম্প্রতি ফতুল্লায় রাজউকের অভিযানে ইমারত আইন লংঘন করায় নির্মাণাধীন সাতটি ভবন নকশা বহির্ভূত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমানের নেতৃত্বে ফতুল্লার ইসদাইর, মাসদাইর ও জামতলা মসজিদ রোড রাজউকের অনুমোদিত নকশাবিহীন ও নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণ কাজ করায় কয়েকটি বহুতল ভবনসহ সাতটি নির্মাণাধীন ভবনের নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সাথে ভবনগুলোর নকশা বহির্ভূত বর্ধিত স্থাপনা ভেঙ্গে অপসারণসহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ করা হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান বলেন, আজকে আমরা তিনটি এলাকার সাতটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়েছি। এর মধ্যে বেশ কয়েকটি বহুতল ভবন রয়েছে। ভবনগুলোর নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। এছাড়া নকশা বহির্ভূত স্থাপনা অপসারণসহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বিদ্যুতের মিটার জব্দ করা হয়। একটি ভবনের মালিককে ৫০ হাজার টাকাও জরিমানা করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। এই অভিযানে উপস্থিত ছিলেন রাজউকের জোন ৮/১ এর পদ শূন্যকালীন প্রতিকল্প অথোরাইজড অফিসার এফ,আর আশিক আহম্মেদ, সহকারী অথোরাইজড অফিসার আবু সাদাত মোঃ সায়েম, প্রধান ইমারত পরিদর্শক মোঃ রাসেল ইসলাম এবং ইমারত পরিদর্শক মোঃ রুবেল হোসেন সহ অন্যান্য কর্মকর্তাগণ।
গ্রাম-গঞ্জ-শহর
ফতুল্লায় নকশা বহির্ভূত স্থাপনা উচ্ছেদ
সম্প্রতি ফতুল্লায় রাজউকের অভিযানে ইমারত আইন লংঘন করায় নির্মাণাধীন সাতটি ভবন নকশা বহির্ভূত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।