কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা: ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কলারোয়া উপজেলা চত্বরে বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম আয়োজিত এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। গ্রাহক ফরম কর্তৃক আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের মানুষের একটি আস্থার জায়গা ।বাংলাদেশের মানুষ আশা করেছিল শরিয়া ভিত্তিক লেনদেন করবে ও তাদের আমানতগুলো সুদ মুক্ত হবে। ব্যাংকটির কার্যক্রম চলছিল সেভাবেই। আস্থা অর্জন করে নিয়েছিল সারা বিশ্বের মানুষের কাছে ।এস আলম গ্রুপ ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকে নিয়ম-নীতি অমান্য করে অবৈধভাবে আওয়ামী লীগের চিহ্নিত ব্যক্তিদেরকে কর্মকর্তা কর্মচারী হিসেবে নিয়োগ দেয়।
তারা দাবি করেন, নিয়োগ প্রাপ্তদের অনেকে গ্রাহকসেবায় অদক্ষ ও দুর্ব্যবহার করেন এবং আঞ্চলিক ভাষায় কথা বলেন। যা দেশের অন্যান্য অঞ্চলের গ্রাহকদের জন্য সমস্যার সৃষ্টি করে। তাদেরকে অবিলম্বে বহিষ্কার করে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার দাবি জানান।
তারা আরও জানান, এস আলমের ছত্রছায়ায় ব্যাংকে অনিয়ম, অর্থপাচার ও লোন জালিয়াতি বেড়েছে। ফলে ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে এবং ডলারের সংকটসহ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। এখন ইসলামী ব্যাংকের নিয়োগ, অডিট, কোর গভর্ন্যান্সসহ সার্বিক ব্যবস্থার সংস্কার এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি করেন।