দশমিনা সংবাদদাতা : পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে মঙ্গলবার দশমিনা উপজেলা শিবিরের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জুন মাসব্যাপী চলা এ কর্মসূচির সূচনা করা হয় হাজিরহাট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, ঔষধি ও বনজ গাছ রোপণের মাধ্যমে।
কর্মসূচির উদ্বোধনী কার্যক্রমে নেতৃত্ব দেন উপজেলা শিবির সভাপতি জুবায়ের ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি হাফেজ নাঈম হোসেন, হাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকসহ স্থানীয় শিক্ষকবৃন্দ ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
জুবায়ের ইসলাম বলেন, “প্রতিবছরের ন্যায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের মতো দশমিনায়ও মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। পরিবেশ রক্ষায় আমাদের এ উদ্যোগ যেন সমাজে সচেতনতা সৃষ্টি করে, সেটিই আমাদের মূল প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং দুর্যোগ প্রতিরোধে প্রত্যেক নাগরিকের দায়িত্ব অন্তত একটি ফলজ, বনজ কিংবা ঔষধি গাছ রোপণ করা। বাড়ির আঙিনা, স্কুল প্রাঙ্গণ বা যে কোনো খালি জায়গায় গাছ লাগিয়ে এই উদ্যোগকে সফল করে তোলা সম্ভব।”
শিবিরের এই কর্মসূচি মাসব্যাপী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও খোলা স্থানে পরিচালিত হবে বলে জানান সংশ্লিষ্টরা।