মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা : মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের ব্যাপারিপাড়ার বাসিন্দা আকাশের বিরুদ্ধে ছাত্রলীগ উপাধি দিয়ে পত্রিকায় মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ আহাদ এর পিতা মোঃ ইউনুস বিশ^াস। সোমবার (১৬ জুন) রাতে প্রেসক্লাব মহম্মদপুরের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যেমে শহীদ পরিবার এই মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদ জানান।

মো. ইউনুস বিশ^াস লিখিত বক্তব্য পাঠকালে বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় ৪ আগস্ট আওয়ামীলীগ সন্ত্রাসীদের গুলীতে আমার সন্তান মোঃ আহাদ বিশ^াস শহীদ হয়। কিন্তু দীর্ঘ ১১মাস পর এসে গ্রাম্য সামাজিক একটি গেঞ্জামকে কেন্দ্র করে আমার চাচাতো ছোট ভাই (শহীদ আহাদের চাচা) আকাশকে নিয়ে পুলিশ হয়রানির মাধ্যমে ছাত্রলীগ উপাধি দিয়ে পত্রিকায় নিউজ করেন। কিন্তু ৪ আগস্ট আমার সন্তান মোঃ আহাদ বিশ^াস যখন গুলী খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে, তখন আমার ছোট ভাই আকাশ কয়েকজনের সহযোগিতায় গুলীবিদ্ধ আহাদকে কাধে করে নিয়ে আসে।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, গণতন্ত্রের মুক্তির জন্য আমার সন্তান শহীদ হলো। আর এখন আমার পরিবারের সদস্যকে ছাত্রলীগ বানিয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আমার পরিবারকে যারা আওয়ামীলীগের তকমা লাগাতে চাচ্ছেন, তাদের প্রতি ঘৃনা ভরে এই মজলুম পরিবারের সংবাদ সম্মেলন। আমার চাচাতো ভাই আকাশ একজন ছাত্রদল কর্মী।