গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের নলিয়ান এলাকা থেকে ১০৬ কেজি হরিণের মাংস ও ফাঁদসহ এক হরিণ শিকারিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা।
শনিবার (২৫ অক্টোবর) ভোরে বিশেষ এ অভিযানটি পরিচালনা করা হয়।
বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক শনিবার বিকেলে সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, “গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৪টার দিকে কোস্টগার্ড আউটপোস্ট নলিয়ান থেকে একটি অভিযানিক দল সুন্দরবন সংলগ্ন খুলনার দাকোপ থানাধীন নলিয়ান এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১০৬ কেজি হরিণের মাংস, প্রায় ২০০ মিটার দৈর্ঘ্যের হরিণ শিকারের ফাঁদ এবং একজন সন্দেহভাজন শিকারিকে আটক করা হয়।”
তিনি আরও বলেন, “আটককৃত ব্যক্তি, জব্দকৃত মাংস ও ফাঁদের বিষয়ে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের অধীনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বন্যপ্রাণী হত্যা, অবৈধ শিকার ও পাচার রোধে কোস্টগার্ডের নিয়মিত তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় তারা নিয়মিত টহল ও নজরদারি চালিয়ে যাচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে যাতে বন্যপ্রাণী শিকার ও পাচারের মতো অপরাধ কার্যকরভাবে প্রতিরোধ করা যায়।