রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা : নরসিংদীর রায়পুরায় বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন মুদি ব্যবসায়ি মানিক মিয়া (৬৫)।

সম্প্রতি উপজেলার জংলী শিবপুর এলাকায় এ হত্যাকা- ঘটে। নিহত মানিক মিয়া উত্তরবাখরনগর ইউনিয়নের জংলী শিবপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় মুদি ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার মধ্যে প্রতিদিন ঘরে ফিরলেও গতরাতে মানিক মিয়া ফেরেননি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে রাত আনুমানিক ১টার দিকে আড়িয়াল খাঁ নদীর পাড়ে তার গলাকাটা রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে পালিয়ে যায়।

খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এসময় নিহতের বাড়ি ও ঘটনাস্থল ঘুরে দেখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার ও রায়পুরা সার্কেল বায়েজিদ বিন মুনসুরসহ পুলিশের কর্মকর্তারা।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান, নিহতের গলার পিছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, টর্চলাইট ও কিছু টাকা উদ্ধার করা হলেও হত্যার অস্ত্র মেলেনি। তবে হত্যার কারণ এখনো স্পষ্ট নয়।