চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে জয়নুর (৫৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি গোবিন্দহুদা গ্রামের মরহুম ঝড়ু মন্ডলের ছেলে। এই সংঘর্ষে তার নিহত জয়নুরের দুই ভাই খাজা আহমেদ (৫৭) ও জাহীর (৫০) এবং আহত খাজা আহমেদের ছেলে দিপু (১৬) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সম্প্রতি গোবিন্দহুদা গ্রামের মাঠে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে গোবিন্দহুদা গ্রামের নূরুল হক পেশকার এবং মাসুদ বিল্লাহ মন্টুর মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে নূরুল হক পেশকারের লোকজন দেশী তৈরি অস্ত্র নিয়ে মাঠে কাজ করা প্রতিপক্ষ মাসুদ বিল্লাহ মন্টুর লোকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও বেধড়ক মারধর করে গুরুতর জখম করে। গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় জয়নুর মারা যান। সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শাপলা খাতুন জানিয়েছেন, আহতদের মধ্যে খাজা আহমেদ ও দিপুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই সংঘর্ষ হয়েছে এবং নিহত ব্যক্তির নাম জয়নুর। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।