আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-২ (সদর) আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ আসনে মনোনয়ন পেয়েছেন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। বুধবার বিকেলে তাঁর মনোনয়নের ঘোষণা দেয়া হয় বলে জানা যায়। এর মধ্য দিয়ে রাজশাহীর ৬টি আসনেই জামায়াতের এমপি প্রার্থী মনোনয়ন সম্পন্ন হলো।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি রাজশাহীর পাঁচটি আসনের জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয়েছিল। যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কাশিয়াডাঙ্গা থানা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল কালাম আজাদ, রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের রোকন ডা. আব্দুল বারি সরদার, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মু. নুরুজ্জামান লিটন ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক।

সদ্য ঘোষিত রাজশাহী সদর আসনের জন্য মনোনীত ডা. জাহাঙ্গীর বর্তমানে রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি রাজশাহী মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও মহানগর জামায়াতের সেক্রিটারির দায়িত্ব পালন করেছেন। ডা. জাহাঙ্গীর পেশাগতভাবে একজন চিকিৎসক এবং রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।