দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির জিংলাতুলী এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হঠাৎ উদ্ভূত ঝটিকা মিছিল থেকে স্থানীয় ছাত্রদল-যুবদলের সহযোগিতায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ আগষ্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জিংলাতুলী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নিষিদ্ধ থাকা সংগঠনটির একটি অংশ হঠাৎ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সাবেক ছাত্রলীগ নেতা বিল্লাল হোসেন আপনের নেতৃত্বে ঝটিকা মিছিল বের করে স্লোগান দিতে শুরু করে। এতে মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিমন খন্দকার লোকবল নিয়ে ধাওয়া দিলে পাঁচ জন ছাড়া তারা অধিকাংশই পালিয়ে যায়। খবর পেয়ে দাউদকান্দি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি খুবই আকস্মিকভাবে শুরু হয়। আগে থেকে কোনো ধরনের প্রচারণা বা প্রস্তুতির খবর ছিল না। তারা স্লোগান দিতে দিতে হাইওয়ের প্রধান সড়ক দিয়ে অল্প কিছুক্ষণ অবস্থান করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে যায়।
দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “নিষিদ্ধ সংগঠনের যেকোনো কার্যক্রম কঠোর হাতে দমন করা হবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে ছাড় দেয়া হবে না।”
এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে শঙ্কা তৈরি হলেও পুলিশের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি দ্রুত শান্ত হয়। বর্তমানে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।