ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও পৌর শাখার উদ্যোগে পথসভা, গণসংযোগ ও দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর ) সকালে মাতুর বাড়ি মোড় থেকে একটি গণমিছিল বের হয়ে কলেজ সামনে, প্রতাবগঞ্জ বাজারসহ উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। সেখানে জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোবারক হোসাইন সাবের মরহুম পিতার মাগফিরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তারা বলেন, “আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই” এবং “তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক”—এই শ্লোগানকে সামনে রেখে জামায়াতে ইসলামী বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। তারা আসন্ন জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদা প্রধান অতিথি হিসেবে পথসভা ও গণমিছিলে অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামী আমীর মোহাম্মদ আবুল বাশার।

এসময় বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মোহাম্মদ শামীম নূর ইসলাম, ইসলামী ছাত্রশিবির উপজেলা সভাপতি মো. মাহিমুর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দীন সাদি, পৌরসভা সভাপতি অধ্যাপক সিদ্দিকুর রহমান। সভা উপস্থাপনা করেন সাবেক পৌরসভা সভাপতি মো. মাসুদুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদের সদস্য মো. এনামুল হক, মাওলানা হাবিবুর রহমান, হাফেজ মোহাম্মদ আলী লিটন, মাওলানা খলিলুর রহমান মো আবু কাউছার, মো: লিয়াকত আলী প্রমুখ।