মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা : মাগুরার মহম্মদপুর উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়ে কর্মরত শিশু সুরক্ষা সমাজ কর্মী পাপিয়া দত্ত (৩৬) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন মহম্মদপুর থানা পুলিশ। গত ২৫ মে রাতে উপজেলা মহিলা হোস্টেল (প্রমোট) এর নিজতলার তিন নম্বর কক্ষ থেকে এই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে দিয়েছেন পুলিশ।

প্রমোটে বসবাসরত আনসার ভিডিপির উপজেলা প্রশিক্ষক স্বপ্না দত্ত বলেন, তিনি রাতে পাপিয়াকে একটি কাগজ দেওয়ার জন্য ভবনের দোতলা থেকে নিচতলায় আসেন। দরজার ভেতর থেকে বন্ধ থাকায় তাকে ডাকাডাকি করতে থাকেন। ভেতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে দরজা জোরে ধাক্কা দিলে খুলে যায়। পরে তাকে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পেয়ে তিনি তার অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করেন। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেন। লাশের শরিরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন রয়েছে বলে জানান।

মহম্মদপুর থানার ওসি মো. আব্দুর রহমান বলেন, সংবাদ পেয়ে উপজেলা পরিষদের মহিলা কোয়াটার থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই জানা সম্ভব হয়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।