সোনাগাজী (ফেনী) সংবাদদাতা : জুলাই আন্দোলনে সোনাগাজীর শহীদ মাহবুবুল হাসান মাসুম ও শহীদ আবদুল গনি বোরহানের কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাগাজী উপজেলা।
জামায়াতে ইসলামীর জুলাই মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলের কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে সম্প্রতি উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ছোবাহানিয়া জামে মসজিদে শহীদ মাহবুবুল হাসান মাসুমের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান মামুনের পরিচালনায় এবং ইউনিয়ন সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্ত্বে আলোচনা করেন সোনাগাজী ইসলামিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইব্রাহীম খলিল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা। প্রধান অতিথি হিসেবে আলোচনা ও দোয়া পরিচালনা করেন জেলা আমীর মুফতি মাওলানা আবদুল হান্নান। দোয়া মাহফিল শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে স্থানীয় লোকজনের উপস্থিতিতে শহীদ মাহবুবুল হাসান মাসুমের কবর জিয়ারত করা হয়। এদিকে একই সময়ে সোনাগাজী সদর ইউনিয়নের মনগাজী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ আবদুল গনি বোরহানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।