রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নে এক রাতেই তিন কৃষকের ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে ডুমরাই ও পশ্চিম লক্ষীকোলা গ্রামে এ চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, চুরি যাওয়া গরুগুলোর বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।

ডুমরাই গ্রামের কৃষক আব্দুল মজিদের ৬ টি এবং পাশের পশ্চিম লক্ষীকোলা গ্রামের গোলাম রব্বানী তালুকদার ও রহুল আমিন শেখের দুটি গরু চুরি হয়ে যায়। তারা জানান, প্রতিদিনের মতো রাতে গরুগুলো গোয়ালঘরে বেঁধে রেখে ঘুমাতে যান। কিন্তু ভোরে উঠে দেখেন গোয়ালঘর ফাঁকা।

গণ এক মাসে ওই ইউনিয়নের ডুমরাই গ্রাম থেকেই আরও ৮টি গরু ও দুটি মহিষ চুরি গেছে। পাশের ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া গ্রাম থেকেও একটি ষাঁড় গরু চুরির অভিযোগ রয়েছে। একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন কৃষকরা।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল মজিদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, গরুগুলোই আমার একমাত্র সম্বল ছিল। এখন আমি নিঃস্ব হয়ে গেলাম।

এ বিষয়ে চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাবিবুর রহমান খান বলেন, গরু চুরির ঘটনায় এলাকাবাসী চরম উদ্বিগ্ন। আমরা প্রশাসনকে চোর চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছি।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মাসুদ রানা বলেন, অনেক সময় কৃষকরা অভিযোগ না করায় চোর ধরতে সমস্যা হয়। গরু চুরি রোধে এলাকায় পাহারার ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি চোর ধরতে পুলিশি অভিযান চলমান রয়েছে।