বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৯ শত প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার (২৪ জুন) উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ২০২৪-২৫ অর্থবছরের খরিফ-২ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতিজন কৃষককে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ বলেন, ‘সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল কারিগর হচ্ছেন আমাদের কৃষকরা। সরকারের প্রদত্ত বীজ যেন যথাযথভাবে জমিতে রোপণ করে ব্যবহার নিশ্চিত করা হয়। এই বীজ খাওয়ার জন্য নয়, এটি উৎপাদনের জন্য। আপনাদের পরিশ্রমেই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রউফ।