ধুনট সংবাদদাতা: বগুড়ার ধুনটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আজিজুল হাকিম (১৮) নামের এক তরুন নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেল আরোহী আরও দুইজন গুরুতর আহত হন। ধুনট-শেরপুর সড়কের উল্লাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল হাকিম পার্শ্ববর্তী শেরপুর উপজেলার মহিপুর এলাকার সোলায়মান আলীর ছেলে।

ওই তিনজন মোটরসাইকেল যোগে ধুনট বাজার থেকে শেরপুর নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে উল্লাপাড়া গ্রামের খন্দকারপাড়া নামক স্থানে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আজিজুল হাকিমের মৃত্যু হয়। এছাড়া মোটরসাইকেলে থাকা দুই আরোহী আবু বক্কার ও নয়ন মিয়াকে আহত অবস্থায় বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ধুুনট থানার অফিসার ইনচার্জ সাইদুল আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাকটি জব্দ করে। আইনী প্রক্রিয়া শেষে আজিজুল হাকিমের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।