নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা : ঈদুল আজহার ছুটিতে মাদরাসা থেকে বাড়িতে এসে সাপের দংশনে কুমিল্লার নাঙ্গলকোটে ইরফান হোসেন (১৩) নামে এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ইরফান উপজেলার মক্রবপুর ইউনিয়নের মাইরাগাঁও গ্রামের মুন্সি বাড়ির মোহাম্মদ আলমের বড় ছেলে ও ফেনী রশীদিয়া মাদরাসার হিফয শাখার আবাসিক শিক্ষার্থী। মঙ্গলবার দিবাগত রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বুধবার সকালে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে ইরফান মাইরাগাঁও গ্রামের জামাল নামে এক মৎস্য খামারির পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় কাদামাটিতে হোঁচট খেয়ে পড়ে যায়, এসময় ওই পুকুরের চার পাশে লাগানো জালে পূর্ব থেকে আটকে থাকা একটি বিষাক্ত সাপ তার বাম পায়ের আঙ্গুলে দংশন করে। ইরফানের পরিবারের দাবি নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম ভ্যাকসিন না থাকায় ও চিকিৎসক দ্রুত ব্যবস্থা না নেয়ায় ইরফানের মৃত্যু হয়েছে।